নেত্রকোনার মদন পৌরসভার সাবেক কমিশনার দিলোয়ার জাহান সৈকতকে স্ত্রীর নির্যাতন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মদন মাঝপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দে।
জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রী প্রিয়াংকা চৌধুরীকে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন সৈকত। এ ঘটনার প্রেক্ষিতে স্ত্রী প্রিয়ংকার ভাই জাহাঙ্গীর চৌধুরী ১৩ আগস্ট ২০২৫ তারিখে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ০৭।
মামলার পর বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সৈকতকে গ্রেফতার করে।
মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দে জানান, নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে মদন মাঝপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আসামিকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।





















