নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক সতেন্দ্র পাল ও সদস্য সচিব শ্যামল দত্তের যৌথ স্বাক্ষরে গত ২ জুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে অলক কুমার চৌধুরীকে আহ্বায়ক এবং রামানন্দ বিশ্বশর্মাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিনিধিদের নিয়ে একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটি অনুমোদন উপলক্ষে মদন উপজেলা বিএনপির সভাপতি বলেন, “বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। নবগঠিত এ কমিটি মদন উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি। সকল ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
নবনির্বাচিত আহ্বায়ক অলক কুমার চৌধুরী বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তার জন্য জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করব। মদন উপজেলার প্রতিটি ইউনিয়নে সংগঠনকে শক্তিশালী করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
জেলা নেতৃবৃন্দ জানান, আগামী তিন মাসের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মদন (নেত্রকোনা) প্রতিনিধি 




















