প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের রাজনীতিতে সম্প্রতি যে ‘মাইনাস ফোর’ তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে, তা আসলে স্বৈরাচারের পক্ষাবলম্বীদেরই তৈরি করা ধারণা। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকার কখনোই এ ধরনের কোনো প্রস্তাব বা আলোচনা করেনি। বরং যারা এ শব্দটি সামনে এনেছে, তারা অতীতে স্বৈরাচারী ক্ষমতার সহচর হিসেবে পরিচিত ছিল।
শুক্রবার (৫ ডিসেম্বর) মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা কোথাও ‘মাইনাস ফোর’ বলেছি? যারা আজ এই বিষয়টি তোলছে, তারা মূলত আগের স্বৈরাচারী শক্তির অনুগত লোকজনের মতো আচরণ করছে।’’ তিনি আরও যোগ করেন, “আমাদের কারো বিরুদ্ধে কোনো মাইনাসের সিদ্ধান্ত নেই। আমরা কাউকে বাদ দেওয়ার রাজনীতি করি না।”
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি নিজের কর্মকাণ্ডের কারণেই রাজনৈতিকভাবে মাইনাস হয়েছেন। তার শাসনামলে সংঘটিত হত্যাযজ্ঞ ও বেআইনি কর্মকাণ্ডের দায় জনগণ ভুলতে পারেনি। “তিনি দেশের মানুষের সন্তানদের হত্যা করেছেন। জনগণের কাছে তার আর কোনো স্থান নেই”— মন্তব্য করেন প্রেস সচিব।
অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনি জাতীয় নেত্রী হিসেবে উল্লেখ করেন। বলেন, “খালেদা জিয়া আর শুধু বিএনপির নেত্রী নন; তিনি দেশব্যাপী সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাকে ‘মাইনাস’ বলার চেষ্টা আসলে এক দুর্বৃত্ত চক্রের অপপ্রচার, যার মুখোশ উন্মোচন করা জরুরি।”
তিনি আরও বলেন, শেখ হাসিনা পরিবারতন্ত্র ও দুর্বৃত্তায়নের রাজনীতি করেছেন। সেই কারণে তিনি নিজেই ক্ষমতার বাইরে চলে গেছেন। কিন্তু, জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য— এমনটিও জানান প্রেস সচিব।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় রাজনীতি, জনআস্থা এবং কিশোর–যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
স্টাফ রিপোর্টার 






















