মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর হাসপাতালে মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বজনরা। দুপুরে টেকেরহাট–কবিরাজপুর সড়কের চাঁনপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজন খালাসী (১৭) এবং ইমন মল্লিক (১৯)। দুজনই রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের চাঁনপট্টি গ্রামের বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু। তারা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে একটি ফার্নিচার দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে খাবার খেতে বাড়ি ফিরেছিলেন তারা। পরে মোটরসাইকেল যোগে আবার কর্মস্থলে ফিরছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে দোকানে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি নসিমন আকস্মিকভাবে সামনে চলে আসে। মুহূর্তেই দুই বাহনের তীব্র সংঘর্ষে মোটরসাইকেলটি ছিন্নভিন্ন হয়ে যায়। রাজন ও ইমন রাস্তায় পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর দুজনই মারা যান।
বৃহস্পতিবার রাতেই রাজন ও ইমনের মরদেহ নিজ বাড়িতে এনে দাফন করা হয়। দুই তরুণের অকাল মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, তারা দুজনই পরিশ্রমী ছিল এবং সংসারে সহযোগিতা করতেন। তাদের মৃত্যু পরিবারকে ভীষণভাবে ভেঙে দিয়েছে।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ফরিদ হোসেন বলেন, “আমিই রাজনকে হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি দেখে ফরিদপুরে পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত দুজনকে আর বাঁচানো গেল না।”
তবে বিষয়টি নিয়ে রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো কোনো তথ্য পাননি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার 






















