সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের নামে থাকা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। এসব হিসাবে মোট স্থিতি রয়েছে ১৮ কোটি ১৬ লাখ টাকার বেশি।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকতা পেশার অপব্যবহার করে তারা প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন এবং তা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা অনুযায়ী অনুসন্ধান শুরু হয়।
অনুসন্ধানে দেখা যায়, তাদের এবং সংশ্লিষ্টদের নামে ৪৬টি ব্যাংক হিসাব খোলা হয়েছে, যার মধ্যে ৩৫টি বর্তমানে চালু রয়েছে। এসব হিসাবের মাধ্যমে প্রায় ১৮৬ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা গেছে।
সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় সিআইডির আবেদনের ভিত্তিতে আদালত ৩৫টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। এ বিষয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অনুসন্ধান অব্যাহত রয়েছে।





















