নতুন মোটরসাইকেল কিনতে দুই মামা-ভাগিনা মিলে যান ময়মনসিংহের ভালুকায়। সেখান থেকে ফেরার পথে জেলার নান্দাইলে বাহাদুরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় স্কুলছাত্র ভাগিনার। গুরুতর আহত হন মামা। রবিবার (১০ মে) রাত ৯টার দিকে উপজেলার কানারামপুর মধুপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম শুভ (১৪)। সে নেত্রকোনার কেন্দ্র উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। আহত মামার নাম পরশ (১৬)। সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। অন্যদিকে নিহত শুভ সাইমা শাহজাহান একাডেমিতে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করতেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুভ ও তার মামা পরশ মিলে রবিবার দুপুরের পর ভালুকা যায়। সেখানে এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৪৪ হাজার টাকায় একটি মোটরসাইকেল কেনে। সেখান থেকে দুইজন ফেরার পথে রাত ৯টার দিকে নান্দাইল উপজেলার কানারামপুর মধুপুর সড়কের বাহাদুরপুর নামক স্থানে পৌঁছাতেই সড়কে রাখা খড়ের স্তূপের সঙ্গে আটকে যায়।
এসময় দ্রুতগামী মোটরসাইকেল পাশে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হয়। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে দুইজনকে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে পাঠায়। সেখানে মারা যায় শুভ।
অন্যদিকে সাইমা শাহজাহান একাডেমিতে অষ্টম শ্রেণিতে পড়ছে শুভ। বেশ কিছুদিন ধরে পরশ একটি মোটরসাইকেল কিনতে বায়না ধরে। পরিবার বাধ্য হয়ে মোটরসাইকেল কিনতে সায় দেয়। এ অবস্থায় রবিবার টাকা নিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলা যায়। বিকেলে মোটরসাইকেল কিনে ফিরে আসছে বলে ফোন দেয় পরিবারকে। এর মধ্যে রাত ৯টায় খবর পায় সড়ক দুর্ঘটনার।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার 





















