ময়মনসিংহে অংশগ্রহণমূলক নির্বাচনী ইশতেহারের দাবিতে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ নগরীর টাউনহল মোড়ে নাগরিক প্লাটফর্মের আয়োজনে ও যুব ফোরামের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন পেশার মানুষ, শিক্ষার্থী, যুব সংগঠক, নারী প্রতিনিধি, সমাজকর্মী ও নাগরিক সমাজের সদস্যরা একত্রিত হয়ে নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরেন। মানববন্ধন ঘিরে টাউনহল মোড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা হাতে নানা শ্লোগানসম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড ধারণ করেন—যেখানে লেখা ছিল, “জনগণের মতামতই গণতন্ত্রের ভিত্তি”, “ইশতেহারে চাই মানুষের কথা”, “অংশগ্রহণমূলক রাজনীতি চাই” ইত্যাদি।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য নাগরিক অংশগ্রহণ অপরিহার্য। তাই আসন্ন জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো যেন শুধুমাত্র প্রতিশ্রুতির খাতিরে নয়, বরং জনগণের বাস্তব চাহিদা ও মতামতকে ভিত্তি করে ইশতেহার প্রণয়ন করে—এই দাবি জানান তারা।
নাগরিক প্লাটফর্মের আহবায়ক রকিব হোসেন বলেন, “একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নিতে পারে। নির্বাচনী ইশতেহার কেবল রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল নয়, এটি নাগরিক প্রত্যাশা ও সমাজের বাস্তব চিত্রের প্রতিফলন। তাই রাজনৈতিক দলগুলো যেন ইশতেহার প্রণয়নের আগে সাধারণ মানুষের মতামত গ্রহণ করে এবং তাদের প্রয়োজন ও বাস্তবতার আলোকে নীতি নির্ধারণ করে—এটাই আমাদের আহ্বান।”
নাগরিক প্লাটফর্মের অন্যতম সদস্য ও ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায় বলেন, “যুব সমাজ আজ পরিবর্তনের অগ্রদূত। কিন্তু আমরা প্রায়ই দেখি, নির্বাচনী ইশতেহারে তরুণদের বাস্তব চাহিদা ও মতামত যথাযথভাবে প্রতিফলিত হয় না। সময় এসেছে তরুণদের কণ্ঠস্বরকে মূল্য দেওয়ার। অংশগ্রহণমূলক ইশতেহার মানে হলো—সবার মতামত, সবার আশা এবং সবার দায়িত্বের সমন্বয়।”
মানববন্ধন শেষে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়। সেখানে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণমূলক ও দায়বদ্ধ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে জনগণের সঙ্গে সংলাপ আয়োজন, খোলা পরামর্শ সভা এবং স্থানীয় পর্যায়ের মতামত গ্রহণের আহ্বান জানানো হয়। আয়োজকরা মনে করেন, এই মানববন্ধন গণতান্ত্রিক চর্চা ও নাগরিক উদ্যোগের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেশের অন্যান্য অঞ্চলেও অনুপ্রেরণা জোগাবে।
শাহ্ নাফিউল্লাহ সৈকত 





















