ঢাকার বাড্ডা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কামরুল আহসান সাধন নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি গুলশান থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গুলি করে হত্যার ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৫ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মধ্য বাড্ডার গুদারা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “নিহত ব্যক্তি বিএনপি নেতা সাধন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।”
নিহতের ভাগ্নে জিহাদ জানান, বাড্ডায় তাকে এলোপাতাড়ি গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন।





















