জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
এই সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা অংশ নিয়েছেন। গতকাল এই দ্বিতীয় দফার বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস।
সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার প্রস্তাব নিয়ে বিদ্যমান দূরত্ব কমিয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আলোচনা পর্বের আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার আগে একদিন ও পরে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে মতবিনিময় চলবে।
বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব গুরুত্বপূর্ণ প্রস্তাবে এখনো ঐক্যমত অর্জিত হয়নি, সেগুলোর ওপর এই পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে নির্বাচনকালীন সময় নিয়ে প্রধান দলগুলোর মধ্যে এখনো মতবিরোধ রয়ে গেছে।
এই সংলাপের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য, প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত চলেছে, যেখানে মোট ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কমিশন।






















