ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাজপ্রাসাদে পৌঁছালে রাজা চার্লস প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এরপর উভয়ের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকটি সম্পর্কে প্রেস সচিব শফিকুল আলম জানান, এটি ছিল সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ। বৈঠকে দেশের সাম্প্রতিক পরিবর্তন, সংস্কার পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। রাজা চার্লস ড. ইউনূসের কর্মযজ্ঞ ও অবদান সম্পর্কে অবহিত রয়েছেন বলেও তিনি জানান।
প্রধান উপদেষ্টার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “এই সম্মাননা কেবল ড. ইউনূসের নয়, বরং পুরো বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। মাইক্রোক্রেডিট পদ্ধতির মাধ্যমে বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হচ্ছে।”
এছাড়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও ব্রিটেনের বিভিন্ন পর্যায়ে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রেস সচিব।






















