রাজধানীতে আলোচনার জন্ম দিয়েছে এক ট্রাফিক সার্জেন্টের আচরণ। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করার ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ক্লোজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকালে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে জিয়ারত শেষে গাড়িতে ওঠার সময় ওই ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রুহুল কবির রিজভীর সামনে এসে সার্জেন্ট আরিফুল ইসলাম নিচু হয়ে তার পা ছুঁয়ে সালাম করছেন। মুহূর্তের মধ্যেই বিষয়টি নেটিজেনদের নজরে আসে এবং সমালোচনার ঝড় ওঠে।
ভিডিও ভাইরাল হওয়ার পর মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ইমরানুল ইসলাম জানান, সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন শাখায় সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পুলিশ সূত্রে জানা যায়, সার্জেন্ট আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মিরপুর ট্রাফিক জোনে দায়িত্ব পালন করছিলেন। ভাইরাল ভিডিওর পর শৃঙ্খলা রক্ষায় দ্রুত এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে “ব্যক্তিগত শ্রদ্ধা প্রদর্শন” বলে উল্লেখ করলেও, অধিকাংশ মন্তব্যে পুলিশের নিরপেক্ষতা ও শৃঙ্খলা প্রশ্নবিদ্ধ হওয়ার সমালোচনা করা হয়।
প্রসঙ্গত, রিজভীর প্রতি এমন আচরণের ভিডিও প্রকাশের পরই ডিএমপির অভ্যন্তরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং বিকেলেই আরিফুল ইসলামকে ক্লোজ করার নির্দেশ আসে।
স্টাফ রিপোর্টার 






















