শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বীট এলাকায় বন্য হাতির আক্রমণে দেড় ঘণ্টার ব্যবধানে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে দরবেশচালা ও গজনী চৌরাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দরবেশচালা গ্রামের কৃষক আজিজুর রহমান আকাশ (৪৫) এবং গজনী এলাকার গারো শ্রমিক ফিলিস মারাক (৪২)।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির দল পাকা বোরো ধানক্ষেতে তাণ্ডব চালায়। হাতির আক্রমণ থেকে ক্ষেত রক্ষার চেষ্টা করতে গিয়ে ওই দুই ব্যক্তি হামলার শিকার হন। হাতির পায়ে পিষ্ট হয়ে তাদের শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অল্প সময়ের ব্যবধানে দুইজনের মৃত্যুতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বন্য হাতি থেকে রক্ষা পেতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।





















