শৈশবে যা শেখানো হয় তা অনেকদিন মনে থাকে। তাই শিশুদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে স্কুলে স্কুলে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।
আজ(৬ জানুয়ারি) মঙ্গলবার বেলা ১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রথম ধাপে উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ করে ঈশ্বরগঞ্জ পৌরসভা। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ প্রমুখ।
বিতরণকালে প্রাথমিক স্কুলের কয়েকজন শিক্ষক বলেন,সুস্থ মন, সুন্দর দেহ। আর শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুস্থতার জন্য বিদ্যালয় আঙিনা, ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব অনস্বীকার্য। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার অভ্যাস গঠনে ডাস্টবিন বিতরণ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সালাউদ্দিন বিশ্বাস বলেন,স্কুলে ডাস্টবিন অপরিহার্য। কারণ এটি পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি বজায় রাখতে, জীবাণুর বিস্তার রোধ করতে এবং পরিবেশ সচেতনতা ও দায়িত্ববোধ শেখাতে সাহায্য করে। এটি শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখে এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ অভ্যাস গড়ে তোলে, যা একটি স্বাস্থ্যকর ও অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিত করে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 




















