সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন মঞ্জুর করে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে আইনি কোনো বাধা নেই।
এ সংক্রান্ত বিষয়ে রায় ঘোষণার নির্ধারিত দিনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ রায় ঘোষণা করেন।
এর আগে সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে গত ২১, ২২, ২৩, ২৮, ২৯ অক্টোবর ও ২,৪, ৫, ৬ ও ১১ নভেম্বর শুনানি হয়। ওই ১০ দিনে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজনের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, ইন্টারভেনার হিসেবে আইনজীবী এহসান এ সিদ্দিক, জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী শিশির মনির ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষে আইনজীবী এস এম শাহরিয়ার শুনানি সম্পন্ন করেন এবং বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
স্টাফ রিপোর্টার 






















