২০ শতাংশ ভাতা দাবিকে কেন্দ্র করে প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকে সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দপ্তরের সামনে অবস্থান নিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলবদ্ধভাবে সচিবালয়ে প্রবেশ করে কর্মচারীরা অর্থ উপদেষ্টার কক্ষের সামনে জড়ো হন এবং ভাতার দাবিতে স্লোগান দিতে থাকেন। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয়ের প্রধান ফটকে দেখা যায়, শতাধিক নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী হ্যান্ড মাইক ব্যবহার করে তাদের দাবির পক্ষে বক্তব্য রাখছেন এবং অন্য কর্মচারীদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অর্থ মন্ত্রণালয়ের গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত কর্মকর্তারা জানান, তাদের দাবির বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি না হওয়া পর্যন্ত কেউই দপ্তর ত্যাগ করতে পারবেন না। তারা দাবি করেন, সচিব বা উপদেষ্টা কেউ পুলিশের নিরাপত্তা নিয়েও বের হতে পারবেন না। কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্টরা আজই দাবি পূরণ না করলে কর্মসূচি আরও কঠোর হবে।
আন্দোলনকারীরা আরও জানান, এর আগেও রেশন সুবিধার দাবিতে তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। সে সময় আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণা এলেও তা এখনও কার্যকর হয়নি। নতুন পে কমিশন গঠনের ঘোষণা থাকলেও বর্তমান সরকার সেটি কার্যকর করবে না—এমন বক্তব্য দেওয়ায় কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ জমে উঠেছে। সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই আজকের এই অবরোধ কর্মসূচি বলে জানিয়েছেন তারা।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে। পরিস্থিতির ওপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজর রাখছে।
স্টাফ রিপোর্টার 






















