সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। বুধবার (২৯ অক্টোবর) সচিবালয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির নেতারা এই প্রস্তাবনা জমা দেন।
সভায় উপস্থাপিত লিখিত প্রস্তাবে ফরেস্টার্স অ্যাসোসিয়েশন জানায়, বন অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেডে উন্নীত করতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দিতে হবে। পাশাপাশি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
বিএফএ প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। বাড়ি ভাড়া ভাতা সব গ্রেডের জন্য মূল বেতনের ৬০ শতাংশ, শিক্ষা ভাতা একজন সন্তানের জন্য ২ হাজার এবং দুইজন সন্তানের জন্য ৪ হাজার টাকা করার দাবি জানানো হয়।
এছাড়া চিকিৎসা ভাতা মাসে ৫ হাজার টাকা, টিফিন ভাতা ৩ হাজার টাকা এবং বৈশাখী ভাতা মূল বেতনের সমান করার প্রস্তাবও দেওয়া হয়েছে। বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরতদের জন্য ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং পেনশন ১০০ শতাংশ করার দাবি জানায় সংগঠনটি।
বিএফএ আরও প্রস্তাব করেছে, প্রতি পাঁচ বছর পরপর পে কমিশন গঠন করে নিয়মিতভাবে বেতন কাঠামো পর্যালোচনা করতে হবে। ইউনিফর্মধারী বনকর্মীদের জন্য বছরে তিনবার ইউনিফর্ম বাজেট ও ধোলাই ভাতা চালুর পাশাপাশি মাঠ পর্যায়ের বনকর্মীদের জন্য রেশন সুবিধা চালুর দাবি করা হয়।
এছাড়া সরকারি দায়িত্ব পালনের সময় কোনো বনকর্মী আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের নিশ্চয়তা চায় ফরেস্টার্স অ্যাসোসিয়েশন।
পে কমিশনের এই সভায় সংগঠনটির ১৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়, যার মধ্যে ঈদ বোনাস দ্বিগুণ করা বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে।
স্টাফ রিপোর্টার 






















