দেশের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। এ কর্মসূচি বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষকেরা সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করার দাবিসহ চার দফা দাবির বাস্তবায়ন চেয়ে আজ সোমবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
কর্মবিরতির অংশ হিসেবে গত ২৪ নভেম্বর শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও অনেক প্রতিষ্ঠানে স্থগিত রাখা হয়েছে। ঢাকা কলেজিয়েট স্কুল, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, খুলনার সরকারি করোনেশন গার্লস হাই স্কুল, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, মুন্সিগঞ্জের লৌহজং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে আজ পরীক্ষার আয়োজন হয়নি।
চাঁদপুরের সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়েও কর্মবিরতি পালিত হচ্ছে। শিক্ষকরা জানান, সরকার যদি তাদের দাবিগুলো পূরণ করে, তাহলে শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। তবে দাবি পূরণ না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে।
শিক্ষকদের চার দফা দাবির মধ্যে রয়েছে –
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করা এবং গেজেট প্রকাশ,
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে দ্রুত নিয়োগ,
৩. পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা,
৪. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন এবং ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের বর্ধিত বেতন-সুবিধা বহাল করা।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি জানিয়েছে, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতাসংক্রান্ত দাবির কারণে আজ থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকরা।
স্টাফ রিপোর্টার 























