বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে শনিবার ঢাকা ত্যাগ করেছেন। ইউএই এয়ার ফোর্স অ্যান্ড এয়ার ডিফেন্সের আমন্ত্রণে তিনি ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সফরের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান দুবাইয়ে অনুষ্ঠিতব্য দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স ২০২৫ (ডিআইএসিসি ২০২৫) এবং সর্বাধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শনের জন্য প্রসিদ্ধ দুবাই এয়ার শো ২০২৫—এই দুই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণ করবেন। এসব অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তারা অংশ নেবেন, যা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করবে।
সফরকালে তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান, ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিত্ব এবং বেসামরিক প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করবেন। আধুনিক বিমান প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ সুযোগ এবং যৌথ মহড়াসহ নানা বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকার মনে করছে, এই উচ্চপর্যায়ের সফর বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে। পাশাপাশি প্রতিরক্ষা ও পেশাগত সহযোগিতার নতুন সম্ভাবনাও উন্মোচিত হবে। বিশেষ করে বিমান বাহিনীর আধুনিকায়ন, প্রযুক্তি বিনিময় এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির ক্ষেত্রে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, বিমান বাহিনী প্রধান পরিকল্পনা অনুযায়ী ২০ নভেম্বর দেশে ফিরবেন। তার এ সফরকে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ কৌশলগত উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে উপস্থিতি জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার 























