সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বা ৬০ দিন (১৪ মে থেকে পরবর্তী ৬০ দিন) বাড়াল সরকার। বৃহস্পতিবার (০৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমনটি জানানো হয়।
এর আগে গত ১৩ মার্চ থেকে শুরু হওয়া ৬০ দিনের মেয়াদ শেষ হচ্ছে ১৩ মে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মে থেকে পরবর্তী দুই মাসের জন্য তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ক্রিমিনাল প্রসিডিউর কোড, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীন সেনা, নৌ ও বিমানবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশন্ড কর্মকর্তাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতা তারা সারাদেশে প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবার সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে একাধিক দফায় এ মেয়াদ বাড়ানো হয়।
গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চরম আকার ধারণ করলে সেনা মোতায়েন করে কারফিউ জারি করে তৎকালীন সরকার। সেসময় থানা ও অস্ত্রাগারে হামলা, সহিংসতা এবং পুলিশের কর্মবিরতি চলাকালে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত করা হয়। এরপর থেকে ধাপে ধাপে এ ক্ষমতার মেয়াদ বাড়িয়ে আসছে সরকার।





















