রাজশাহীতে সংবাদ সম্মেলন কাভার করতে যাওয়া সাংবাদিকদের কক্ষে তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির দুই নেতা মেহেদী হাসান ও সুয়াইব আহমেদকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর থেকে জারি করা এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। পরবর্তীতে তা সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে সাময়িকভাবে সব দায়িত্ব থেকে মুক্ত করা হলো। একই সঙ্গে তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে—কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না। আগামী দুই কার্যদিবসের মধ্যে লিখিত ও সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে সংগঠনের নিয়ম অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘটে সোমবার বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে। এনসিপির জেলা কমিটির সংবাদ সম্মেলন চলছিল। কমিটি ঘোষণার পর দলের একটি অংশ নতুন আহ্বায়ককে ‘আওয়ামী লীগের ঘনিষ্ঠ’ আখ্যা দিয়ে বিক্ষোভ শুরু করে। ঠিক সে সময় যুবশক্তির নেতা মেহেদী ও সুয়াইব এসে সাংবাদিকদের উদ্দেশে হুমকি দেন—“বের না হলে তালা মেরে দেব।”
হঠাৎ করা হুমকিতে সাংবাদিকেরা প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সুয়াইব ও তাঁর সহযোগীরা দৌড়ে বাইরে চলে যান, সাংবাদিকেরা তাঁদের পিছু নেন। মোটেল এলাকায় বেশ কিছুক্ষণ টানটান পরিস্থিতি বিরাজ করে। পরে সুয়াইব সাংবাদিকদের কাছে ক্ষমা চান এবং জানান, রাগের মাথায় ভুল কথা বলে ফেলেছেন।
সুয়াইবের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্ট দুই নারীকে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ এবং ট্রেনকে পাথর ছুড়ে থামানোর ঘটনাতেও তাঁর নাম উঠে আসে। এসব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর এড়িয়ে যান।
এদিকে সদ্য ঘোষিত ১১৪ সদস্যবিশিষ্ট এনসিপির জেলা কমিটিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়ছে। কমিটি ঘোষণার একদিন পর যুগ্ম সদস্যসচিব জিহান মোবারক পদত্যাগ করেন। এরপর আরও কয়েকজন নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন।
স্টাফ রিপোর্টার 






















