অবশেষে সারাদেশব্যাপী কর্মবিরতির ঘোষণা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী মঙ্গলবার (২৭ মে) থেকে বিদ্যুৎ সেবা অব্যাহত রেখেই এই কর্মবিরতি কার্যকর হবে।
সোমবার (২৬ মে) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাত দফা দাবিতে চলমান অবস্থান কর্মসূচির ষষ্ঠ দিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম।
তিনি জানান, অভিন্ন চাকরিবিধি প্রণয়ন, হয়রানি ও মামলা প্রত্যাহারসহ মোট সাতটি দাবিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী ২১ মে থেকে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই আন্দোলন একটি বৈষম্যহীন ও আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে উঠেছে। আন্দোলনে অংশগ্রহণকারীরা আরইবি’র (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড) নানা ধরনের শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি আরও বলেন, “আমাদের এ আন্দোলনের সঙ্গে কোনো ব্যক্তি, সংস্থা বা দেশের সম্পৃক্ততা নেই। এটি সম্পূর্ণ আমাদের ও আরইবির মধ্যকার বিরোধ, যার শান্তিপূর্ণ সমাধান চেয়েই আমরা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।”
তিনি অভিযোগ করে বলেন, আন্দোলন শুরুর পর প্রথম চারদিন সরকারের কোনো ইতিবাচক সাড়া না পেয়ে পঞ্চম দিনে আরইবির বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। ষষ্ঠ দিনেও বিদ্যুৎ সেবা সচল রেখে কর্মসূচি অব্যাহত রয়েছে, তবে এখনো সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।






















