ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪। হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এই দাবি জানানো হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতেই ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে। এ হামলার মাধ্যমে একটি রাজনৈতিক পক্ষ স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে, অবাধ নির্বাচন হলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। তাই নির্বাচন ঠেকাতেই এ ধরনের সহিংসতা ঘটানো হচ্ছে।
ফাহিম ফারুকী আরও বলেন, পুলিশ প্রশাসন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা পুরোপুরি নিষ্ক্রিয় এবং ব্যর্থ। এ অবস্থায় তার পদত্যাগ ছাড়া জনগণের আস্থা ফেরানো সম্ভব নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ছয় ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। “আমরা বাজারদরের গল্প শুনতে চাই না, আমরা বিচার চাই,”—জোর দিয়ে বলেন তিনি।
হাদির শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, ওসমান হাদি এখনও শ্বাস নিচ্ছেন এবং তাকে নিয়মিত রক্ত দেওয়া হচ্ছে। তার পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত রয়েছেন। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে নেওয়ার কথাও ভাবা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, বাম কানের ওপর দিয়ে ঢুকে বের হওয়া গুলিটি হাদির ব্রেন স্টেমে গুরুতর ক্ষতি করেছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’। আগামী ৭২ ঘণ্টা তার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় এবং আপাতত নতুন কোনো চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার সুযোগ নেই। বর্তমানে তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে এবং অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
স্টাফ রিপোর্টার 





















