বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে (আরএমএএস) অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের অফিসার ক্যাডেট শাকিব আহসান রিফাত। কমিশনিং কোর্সে অংশ নিয়ে তিনি সেরা আন্তর্জাতিক ক্যাডেট হিসেবে নির্বাচিত হন এবং একসঙ্গে দুটি সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার অর্জনের মাধ্যমে দেশের জন্য গৌরব বয়ে আনেন।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সাফল্যের তথ্য প্রকাশ করে। সেখানে জানানো হয়, অফিসার ক্যাডেট শাকিব আহসান রিফাত সফলভাবে রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে তার কঠোর ও প্রতিযোগিতামূলক সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
প্রশিক্ষণ শেষে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে আর্মি ইন্ডিভিজুয়াল ট্রেনিং কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল নিক কাউলি ওবিই রিফাতের হাতে মর্যাদাপূর্ণ ‘স্যান্ডহার্স্ট মেডেল’ তুলে দেন। এই সম্মাননা অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সামরিক সক্ষমতা ও শৃঙ্খলার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
ব্রিটিশ হাইকমিশনের তথ্যমতে, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট স্যান্ডহার্স্টের কমিশনিং কোর্সে সেরা আন্তর্জাতিক ক্যাডেট হিসেবে ‘দ্য ইন্টারন্যাশনাল সোর্ড’ অর্জন করলেন। পাশাপাশি সব আন্তর্জাতিক ক্যাডেটের মধ্যে সামরিক দক্ষতা, একাডেমিক সাফল্য এবং ব্যবহারিক মূল্যায়নে সর্বোচ্চ মানদণ্ড পূরণ করায় তিনি লাভ করেন ‘দ্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’।
এই দুই আন্তর্জাতিক পুরস্কার অর্জনের মাধ্যমে অফিসার ক্যাডেট রিফাত কেবল ব্যক্তিগত সাফল্যই অর্জন করেননি, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছেন। সামরিক বিশ্লেষকদের মতে, এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের ক্যাডেটদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
রিফাতের এই অনন্য সাফল্যে দেশের বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
স্টাফ রিপোর্টার 
























