হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে বুধবার শপথ নিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতি। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এসময় আপিল ও হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিও উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল সরকার হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী পদে নিয়োগ দেয়। তবে তাদের মধ্যে একজন, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় আজ শপথ নেননি। এছাড়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি। সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরবর্তীতে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে।
শপথ নেওয়া বিচারপতিদের মধ্যে রয়েছেন মোঃ গোলাম মর্তুজা মজুমদার, মোঃ মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মোঃ যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মোঃ আবদুল মান্নান, তামান্না রহমান খালিদী, মোঃ শফিউল আলম মাহমুদ, মোঃ হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথীকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মোঃ তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মোঃ সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।
এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর সরকার হাইকোর্টে ২৩ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। ২৩ জনের মধ্যে দেবাশীষ রায় চৌধুরী ছিলেন।
হাইকোর্টের স্থায়ী পদে শপথ গ্রহণের মাধ্যমে বিচারপতিদের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং আদালতের কার্যক্রম আরও সুসংহত হবে। বিশেষজ্ঞরা মনে করেন, স্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত বিচারপতিরা দীর্ঘমেয়াদি নীতি ও মামলার স্থায়ীত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
স্টাফ রিপোর্টার 






















