গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ও রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে। সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে হাদিকে বহন করে বিমানটি আবার সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নির্ধারিত সময়েই এয়ার অ্যাম্বুলেন্সটির উড্ডয়নের কথা রয়েছে।
শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি নির্দেশনায় একটি জরুরি টেলিকনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরপরই হাদিকে বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়।
প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, গত দুই দিনে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক আন্তর্জাতিক মানের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসক এবং আইসিইউ ব্যবস্থার বিষয়ে খোঁজখবর নেয়। সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে তার সুস্থতা কামনায় রাজনৈতিক সহকর্মী, জুলাই আন্দোলনের কর্মী এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ও সমর্থন প্রকাশ করছেন।
স্টাফ রিপোর্টার 





















