দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে হালুয়াঘাট উপজেলা ওলামা দলের ৬৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা আকবর আলীকে আহ্বায়ক, মাওলানা জুবায়ের আহমেদকে সদস্য সচিব এবং মাওলানা শামীম হুসাইনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক এবং বাকিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা গেছে, কেন্দ্রীয় নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাই শেষে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে কমিটি আনুষ্ঠানিক অনুমোদন পায়। অনুমোদন করেন ময়মনসিংহ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাহবুবুর রহমান ও সদস্য সচিব মাওলানা শামিম হুসাইন। দীর্ঘদিন ধরে হালুয়াঘাট উপজেলায় ওলামা দলের কোনো কার্যকর কমিটি না থাকায় সাংগঠনিক কর্মকান্ডে স্থবিরতা দেখা দিয়েছিল। নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে সেই স্থবিরতার অবসান ঘটল।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ্র জানান, নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে সেই শূন্যতা কাটিয়ে সংগঠনটি এখন নতুনভাবে যাত্রা শুরু করবে। বিশেষ করে, ধর্মীয় মূল্যবোধের প্রচার, সমাজ সংস্কারমূলক কর্মকান্ড, শিক্ষামূলক উদ্যোগ ও সামাজিক শান্তি-সম্প্রীতি রক্ষায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তরুণ ওলামাদের সম্পৃক্ততার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মন্তব্য করেন তারা।
নব ঘোষিত আহ্বায়ক মাওলানা আকবর আলী বলেন, এই কমিটি হালুয়াঘাট উপজেলায় ওলামা সমাজকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ঐক্য ও ন্যায়নীতির ভিত্তিতে সমাজের কল্যাণে কাজ করতে চাই। তিনি আরও জানান, কমিটির প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হবে।
নব নিযুক্ত সদস্য সচিব মাওলানা জুবায়ের আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে অভাববোধ করা একটি সাংগঠনিক শূন্যতা আজ পূরণ হলো। আমরা নিয়মনীতি মেনে উপজেলা পর্যায়ে ওলামা দলের কার্যক্রমকে নতুনভাবে সাজাতে কাজ শুরু করব। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ড আরও গতিশীল হবে।























