গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ৫৪ জনকে আটক করেছে পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান জানিয়েছেন, এই হামলার পেছনে সদ্য বিদায়ী সরকারের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন, “তারা বিভিন্ন ইস্যু তৈরির জন্যই এ ধরনের হামলা চালিয়েছে।”
এ ঘটনায় সোমবার (৫ মে) সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।
পুলিশ জানায়, হামলার পরপরই অভিযান শুরু করা হয়। প্রথমে মহানগরের বাসন এলাকা থেকে যুবলীগ নেতা নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপুকে আটক করা হয়। এরপর রাতভর গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে আটক করা হয়।





















