নেত্রকোনার কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের চাঁনপুর মোড় থেকে সাবরেজিস্টার কার্যালয় পর্যন্ত মাত্র ১৫০ গজ অংশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়কের এই সামান্য অংশে জমে থাকা বৃষ্টির পানির কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহনের চালকদের।
শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চাঁনপুর মোড় থেকে সাবরেজিস্টার কার্যালয় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পানি জমে ছোট ছোট জলাশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যানবাহন চলাচলের সময় পানি ছিটকে পথচারীদের ভিজিয়ে দিচ্ছে। অনেক জায়গায় কাদা ও পানির কারণে হেঁটে চলাও কষ্টকর হয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত ইজিবাইক, রিকশা, সিএনজি, বাস ও ট্রাক চলাচল করে। পাশাপাশি হাট-বাজার, স্কুল-কলেজ, হাসপাতাল, উপজেলা পরিষদ ও থানায় যাতায়াতের জন্যও এটি বহুল ব্যবহৃত। অথচ দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতার সমস্যাটি রয়ে গেছে। তারা জানান, প্রায় ছয় বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটি সংস্কার করে। এরপর থেকেই চাঁনপুর মোড় থেকে সাবরেজিস্টার কার্যালয়ের সামনের অংশে পানি জমে থাকে।
কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি এম. আলমগীর তালুকদার বলেন, “সড়কটি জনগুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে এলজিইডির সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।”
এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম বলেন, সমস্যাটির বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা করা হয়েছে। সড়কটির জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।






















