গাজীপুরের কালিয়াকৈরে ১৫ টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে আকবর হোসেন নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পূর্বচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে।
নিহত আকবর হোসেন যশোরের কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের মোবারক মোড়লের ছেলে। তিনি কালিয়াকৈরের পূর্বচন্দ্রা এলাকায় মিজানুর রহমান মিন্টু নামে এক ব্যক্তির পোলট্রির খাদ্য বিক্রির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। আটক কিশোরও একই দোকানে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আকবর ও অভিযুক্ত কিশোরের কাজের দোকানের পাশে একটি শৌচাগার ও গোসলখানা রয়েছে। সকালে কিশোর গোসল করতে গিয়ে ১৫ টাকা সেখানে ভুলে আসে। কিছুক্ষণ পর আকবর গোসল শেষ করে বের হলে কিশোর টাকা না পেয়ে আকবরের কাছে দাবি করে, কিন্তু তিনি দিতে অস্বীকার করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায় কিশোর দোকানের ছুরি দিয়ে আকবরের বুকে আঘাত করেন। স্থানীয়রা আকবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা কিশোরকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠান এবং অভিযুক্ত কিশোরকে থানায় হেফাজতে নেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং কিশোরকে আটক করা হয়েছে। কিশোর জানিয়েছে, ১৫ টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার 





















