কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ কর্মরত এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় ৩০ বিজিবি’র রামু ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৮ এপিবিএনের কনস্টেবল সজিব বেপারীকে তল্লাশি করে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, “কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অন্যদিকে, ৩০ বিজিবি (রামু ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার 



















