৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন। আজ বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৩ জুন ৪৫তম বিসিএসের ফল ১৯ জুন প্রকাশের তথ্য জানিয়েছিলো পিএসসি।
জানা গেছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন প্রক্রিয়া শেষে ২০২৩ খ্রিষ্টাব্দের ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট নেয়া হয়। পরীক্ষা নেয়ার ১৭ দিনের মধ্যে প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী।
এরপর একই বছরের ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা পিছিয়ে ২০২৪ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে নেওয়া হয়। ২৩ জানুয়ারি লিখিত পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর প্রায় ১৬ মাস পেরোলেও ফল প্রকাশ করা হয়নি। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে।






















