প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশ এবং নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর নিশ্চিত সময়সূচির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়কে ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে। মন্ত্রণালয়ের আশ্বাসে তারা আপাতত চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে আবারও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার ঢাকা কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। তারা জানান, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর থেকেই সাত কলেজ নানা ধরনের অব্যবস্থাপনা, বঞ্চনা ও শিক্ষার মান সংকটে ভুগছে। এ কারণে দেড় বছর ধরে তারা সাত কলেজকে একত্র করে আলাদা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রণয়ন হওয়ার অনেক সময় পেরিয়ে গেলেও বিভিন্ন মহলের চাপে সরকার এখনো অধ্যাদেশ চূড়ান্ত করেনি। এ পরিস্থিতিতে গত ৭ ডিসেম্বর তারা দ্রুত অধ্যাদেশ প্রকাশ ও নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরুর দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে।
আন্দোলনকারী শিক্ষার্থী রবিন হোসেন বলেন, সরকার যে সময়সীমা দিয়েছে, তা আমরা সম্মান জানাই। তবে অধ্যাদেশে শিক্ষার্থীদের অধিকার ও মানসম্মত শিক্ষার নিশ্চয়তা না থাকলে তা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, ২৫ ডিসেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
স্টাফ রিপোর্টার 




















