নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহীনুর আলম আকন্দ (৪৭) মারা গেছেন। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কের বামনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীনুর আলম আকন্দ’র বাড়ী নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার সাতগাঁও গ্রামে। বর্তমানে তিনি নেত্রকোনার সাতপাই গাইনপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. শাহীনর আলম আকন্দ ২০২১ সাল থেকে কলমাকান্দায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। সোমবার সকালে নেত্রকোনা থেকে কলমাকান্দার উদ্দেশ্যে রওয়ানা হন। পথে বামনী এলাকায় পৌছা মাত্রই তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ঢলে পরেন। পরে স্থানীয় লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক গোলাম মুর্শেদ তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এক শোক বার্তায় উল্লেখ করেন, মো. শাহীনুর আলম আকন্দ’র মৃত্যুতে উপজেলা প্রশাসন/পরিষদ পরিবার গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমরা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
স্টাফ রিপোর্টার 




















