ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ৭নং ওয়ার্ডের অবকাঠামো উন্নয়নে আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে এই উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রোকনুজ্জামান রোকন।
নগরীর ৭নং ওয়ার্ডের তালুকদারের বাড়ি হতে ডি এম জলিল কবিরের বাড়ি পর্যন্ত এলাকায় এই নির্মাণ কাজ পরিচালিত হবে। ড্রেন ও রাস্তা নির্মাণের মাধ্যমে ওই এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই। গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও প্রকল্পের ঠিকাদার জাহিদুল ইসলাম মনু, ইঞ্জিনিয়ার আজাহার, ইঞ্জিনিয়ার জহির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে মোনাজাতের মাধ্যমে প্রকল্পের সাফল্য ও জনকল্যাণ কামনা করা হয়।

স্টাফ রিপোর্টার 






















