ময়মনসিংহে অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে বহুতলবিশিষ্ট নতুন একাডেমিক ভবন পাচ্ছে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ খবরে প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শিক্ষামন্ত্রীর কাছে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সিটি করপোরেশন ও সদর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বহুতল ভবন নির্মাণের বরাদ্দ চেয়ে আধা-সরকারি পত্র (ডিও লেটার) দেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় ভবন নির্মাণের অনুমোদনের নির্দেশ দেয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গত ২১ জুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ডি.কে.জি.এস. আইমুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪ তলাবিশিষ্ট ভবনের ১ তলা, ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৬ তলাবিশিষ্ট ভবনের ১ তলা এবং ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চর শীরকলদী সাহেবিয়া মাদরাসার নতুন ভবন নির্মাণের বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, শিক্ষার মান উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। পর্যায়ক্রমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও সদর উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বর্তমান সরকার কাজ করছে।

মো. আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর 























