ঢাকার রামপুরায় জুলাই গণঅভ্যুত্থানের সময় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা এবং আরও দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
রোববার (২৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা:
ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান
খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম
রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান
এছাড়া রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরার বনশ্রী-মেরাদিয়া এলাকায় পুলিশের গুলির হাত থেকে বাঁচতে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে ছিলেন আমির হোসেন। অভিযোগ অনুযায়ী, ওই অবস্থায়ও তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। তিনি গুরুতর আহত হলেও বেঁচে যান। একই দিনে পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।

স্টাফ রিপোর্টার 
























