মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের ৮টি গ্রামকে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে স্থানীয় সত্রাশিয়ায় মলিন দাসের বাড়িতে পরিবেশ বান্ধব গ্রাম কমিটি ও ভিডিসির সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি এক অনুষ্ঠানের আয়োজন করে।
গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ডা. আব্দুল বারীর সভাপতিত্বে ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিন পিউরীফিকেশন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে স্থানীয় ইউপি মেম্বার খোরশেদ আলম, শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে স্থানীয় ইউপির পুরুষ ও নারী সদস্যগণ, ভিডিসি সদস্য, যুব ও শিশু ফোরামের নেতৃবৃন্দ, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে ইউনিয়নের ৮টি গ্রামকে পরিবেশ বান্ধন গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। গ্রামগুলো হচ্ছে, শ্যামপুর, সাতাশিয়া, কুমারগাতা, রাজপুর, মালতীপুর, পাথালিয়া, কান্দাপাড়া ও কান্দুলিয়া। ওয়ার্ল্ড ভিশন জানায় ঘোষিত গ্রামগুলোতে পর্যাপ্ত বৃক্ষসহ নানা অনুসঙ্গ রয়েছে যা পরিবেশের জন্য সহায়ক।
এর আগে ওয়ার্ল্ড ভিশন এসব গ্রামে বৃক্তরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র বিমোচনে সহায়ক কর্মসূচি, বাল্যবিয়ে প্রতিরোধ, প্লাস্টিকের ব্যবহার রোধ, নারী-শিশুর অধিকার রক্ষাসহ নানা কর্মসূচি পালন করে আসছে।





















