আগামী শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। একই দিনে জামায়াতে ইসলামীও দেশব্যাপী বিক্ষোভ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে, যা প্রায় ৪ লাখ পরীক্ষার্থীর জন্য ভোগান্তির সম্ভাবনা তৈরি করছে।
বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩,৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত। পরীক্ষার্থীরা নিরাপদ ও সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে চাইছেন।
জামায়াতের কর্মসূচি তিন পর্যায়ে: ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে মিছিল, এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে মিছিল। তবে ১৯ সেপ্টেম্বরের সময় এখনও নিশ্চিত হয়নি। শিক্ষাবিদ ও পরীক্ষার্থীরা এই কর্মসূচি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হক বলেন, “পরীক্ষার দিনে রাজনৈতিক কর্মসূচি থাকলে যানজট ও নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাবে। তাই তারিখ পরিবর্তন করা উচিত।” ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগের তারিখ দুটি পূর্বে পিছিয়ে দেওয়া হয়েছিল, যা শেষমেষ ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 




















