ময়মনসিংহের মুক্তাগাছায় তালা কেটে ৩৫ লাখ টাকা চুরির মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তারা পেশাদার ছিনতাইকারি বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিরাশি মধ্যপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে সৌরভ মিয়া (৩০) ও একই এলাকার মো. আবুল কালাম ওরফে কালু মিয়ার ছেলে মো. জনি (২৫)।
বুধবার (১৩ মে) বিকালে গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিসান্ড আবেদন করে আদালতে পাঠায় মুক্তাগাছা থানার পুলিশ।
এর আগে ওই দিন সকাল ৭ টায় ঢাকার শাহজাহানপুর এলাকার রেলওয়ে কলোনি থেকে দুইজনকে গ্রেপ্তার করে মুক্তাগাছা থানার পুলিশ।
পুলিশ জানায়, মুক্তাগাছা উপজেলার বিরাশি এলাকার ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার উদ্দেশ্যে ব্যবসার ৩৫ লাখ টাকা বাড়িতে সংরক্ষণ করে রেখেছিলেন। তার বাবা হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় বাড়িতে তার মা হাসিনা বেগম একাই বসবাস করছিলেন। গত ১ এপ্রিল সন্ধ্যায় হাসিনা বেগম প্রতিবেশীর বাড়িতে গেলে দুর্বৃত্তরা ঘরের তালা কেটে শয়নকক্ষের স্টিলের ট্রাংক ভেঙে ৩৫ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আশরাফুল আলম বাদি হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ টাকা এবং ময়মনসিংহ কোতোয়ালী থানার চর কুষ্টিয়া এলাকায় সৌরভের খালার গোয়ালঘরের মাচার নিচ থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
মুক্তাগাছা প্রতিনিধি 























