জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার চীনের দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্সে ‘শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপে ক্লাইমেট লিডারশিপ’ শীর্ষক অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়, বরং সমৃদ্ধি, স্থিতিশীলতা ও যৌথ ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। তিনি কপ-৩১ ও কপ-৩২ সামনে রেখে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন—ক্ষয়ক্ষতি তহবিল কার্যকর করা, জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা এবং অভিযোজন কার্যক্রম জোরদার করা।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি জানান, আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, পদ্মা ব্যারেজ নির্মাণ, তিস্তা ব্যারেজ আধুনিকীকরণ এবং ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে দেশের অন্তত ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মতপার্থক্য দূরে সরিয়ে রেখে বিশ্বনেতাদের অবশ্যই জলবায়ু ঝুঁকিতে থাকা লাখো মানুষের জন্য দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কপ-৩১ বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে এবং বাংলাদেশও এ ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করবে।

স্টাফ রিপোর্টার 

























