গোলশূন্য ড্রয়ে শেষ হলো পর্তুগাল ও কলম্বিয়ার গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। দ্বিতীয় স্থান নিয়ে শেষ ৩২–এ উঠেছে পর্তুগাল, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। অন্যদিকে শীর্ষস্থান ধরে রেখে নকআউটে উঠেছে কলম্বিয়া। একই দিনে উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে ডিআর কঙ্গো, যা তাদের ইতিহাসের নতুন অধ্যায়।
ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য ছিল কলম্বিয়ার। শুরু থেকেই পর্তুগালের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ফলে মাঝমাঠের খেলোয়াড়দেরও বারবার নিচে নেমে রক্ষণ সামলাতে হয়। এ কারণে আক্রমণভাগে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো পর্যাপ্ত বল পাননি। পুরো ম্যাচে তিনি মাত্র একটি শট নিতে সক্ষম হন এবং প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ করেন মাত্র দুইবার।
অন্যদিকে কলম্বিয়ার আক্রমণভাগ ছিল অনেক বেশি কার্যকর। বদলি হিসেবে নেমে হামেস রদ্রিগেজ একাই পাঁচটি সুযোগ তৈরি করেন। লুইস দিয়াজ, জন আরিয়াস ও জন কর্দোবাও ধারাবাহিকভাবে পর্তুগালের রক্ষণে চাপ সৃষ্টি করেন। ম্যাচে পর্তুগাল যেখানে ১৩টি শট নেয়, সেখানে কলম্বিয়ার শটের সংখ্যা ছিল ২৪। তবে এত সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোলটি পায়নি দলটি। যোগ করা সময়ে দাভিনসন সানচেজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে কলম্বিয়া। শেষ ৩২–এ তাদের প্রতিপক্ষ ঘানা। অন্যদিকে এক জয় ও দুই ড্রয়ে পাঁচ পয়েন্ট পাওয়া পর্তুগাল রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে। পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন।
এদিকে বিশ্বকাপে স্মরণীয় একটি দিন কাটিয়েছে ডিআর কঙ্গো। ১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে তিন ম্যাচেই হেরেছিল আফ্রিকার দেশটি। এবারও প্রথম দুই ম্যাচে জয় পায়নি—পর্তুগালের সঙ্গে ড্র এবং কলম্বিয়ার কাছে হার ছিল তাদের অর্জন।
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩–১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নেয় ডিআর কঙ্গো। এই জয়ের সুবাদে প্রথমবারের মতো নকআউট পর্বেও জায়গা নিশ্চিত করেছে আফ্রিকান প্রতিনিধিরা।

স্পোর্টস ডেস্ক 


























