দেশের বিদ্যুৎ বিতরণব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব ধাপে ধাপে বেসরকারি খাতের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (২২ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন করে পাইকারি পর্যায়ে সরবরাহ করতে পারে। তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতের হাতে থাকলে সেবার মান ও জবাবদিহি আরও বাড়বে।
তিনি জানান, দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে পর্যায়ক্রমে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পক্ষে সরকার নীতিগতভাবে আগ্রহী। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও সম্মতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ভারতের উদাহরণ তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কলকাতা, মুম্বাই ও দিল্লির মতো শহরে বেসরকারি প্রতিষ্ঠান সফলভাবে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের উদ্যোক্তারাও একই ধরনের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বিনিয়োগকারীদের এ খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে প্রস্তাব এলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
তিনি আরও বলেন, সরকার খুচরা ব্যবসা পরিচালনার জন্য নয়। বেসরকারি খাত যুক্ত হলে জবাবদিহি বৃদ্ধি পাবে, গ্রাহকসেবার মান উন্নত হবে এবং বিল আদায় প্রক্রিয়াও আরও কার্যকর হবে।
এ সময় পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রেও বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার পক্ষে মত দেন জ্বালানিমন্ত্রী। তার মতে, এ খাতে প্রতিযোগিতা সৃষ্টি হলে বাজার আরও গতিশীল হবে এবং সরকারের ওপর চাপ কমবে।

স্টাফ রিপোর্টার 























