রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান গুঞ্জনের মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই দিন আগেই সফর শেষ করে ফিরছেন তিনি।
সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত দেশে ফেরার অনুরোধ পাওয়ার পরই সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন স্পিকার। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও উচ্চপর্যায় থেকে দ্রুত ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। সেই কারণেই তিনি শুক্রবার দেশে ফিরছেন।
দ্রুত দেশে ফেরার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যে গুঞ্জন চলছে, তার সঙ্গে সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্তের সম্পর্ক থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শুক্রবার পরিস্থিতি আরও পরিষ্কার হতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সে ক্ষেত্রে স্পিকার হাফিজ উদ্দিন আহমদই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
এ ছাড়া সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
তবে রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

স্টাফ রিপোর্টার 























