বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে সুবিধাজনক সময়ে মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জারদারির এই শুভেচ্ছা ও আমন্ত্রণের কথা জানানো হয়। অভিনন্দনবার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট আস্থা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং দেশের জনগণের কল্যাণে আরও অগ্রগতি অর্জন করবে।
আসিফ আলী জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক গতিকে স্বাগত জানিয়ে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।
এ সময় মির্জা ফখরুলকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান জারদারি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা আরও গভীর করার সুযোগ তৈরি করবে।
অভিনন্দনবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান আসিফ আলী জারদারি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক 
























