নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি বন্যাদুর্গতদের জন্য ৫ লাখ ডলার জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, নেপালের দুর্গত মানুষের জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও অন্যান্য প্রাথমিক ত্রাণ সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে। খবর বিবিসির।
সরকারি বিবৃতিতে নেপালের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।
এদিকে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর নেপালে শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে অন্তত ৫৪ জন মার্কিন নাগরিক রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ মার্কিন নাগরিকদের অনেকে পর্যটক হিসেবে নেপালে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
প্রবল বর্ষণ ও পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে রাসুয়া জেলা ও আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে দুর্গত এলাকা থেকে বয়স্ক ও আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।
মার্কিন সরকারের ঘোষণা অনুযায়ী, জরুরি সহায়তার অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে নেপালের দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিতরণ করা হবে।
আন্তর্জাতিক ডেস্ক 























