আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এ অবরোধ শুরু হয়। এর ফলে আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিক্ষোভকারীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে সাধারণ ছাত্র ও জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগ। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় না আনায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাই দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
তাদের আরও অভিযোগ, জুলাই মাসে ঘটে যাওয়া ‘গণহত্যা’র জন্য আওয়ামী লীগ দায়ী, অথচ এ পর্যন্ত কেউ বিচারের মুখোমুখি হয়নি। বরং রাজধানীসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল সন্ত্রাসী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত বহন করে।
অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরার বিএনএস সেন্টারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





















