বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনের মহানগর সংগঠক শাহরিয়ার সিকদারকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭ মে) সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবনের ভিডিও এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শহীদদের ত্যাগে গঠিত সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় গ্রেপ্তার হওয়ায় শাহরিয়ার সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এসব ঘটনা ঘিরে সংগঠনের ভেতরে ও বাইরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেতারা জানান, সংগঠনের ভাবমূর্তি ও মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।





















