চট্টগ্রামের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টা ১৫ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছে দুই বছর বয়সী শিশু আয়েশা ও মোহাম্মদ তুষার। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে—আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ ও আঞ্জু আরা।
নিহত আয়েশা বোয়ালখালী উপজেলার বাসিন্দা সাজ্জাদ নূর মিঠু ও জুবাইদা ফেরদৌস ইসরার মেয়ে। তারা অটোরিকশায় করে ভ্রমণ করছিলেন। দুর্ঘটনার পর আয়েশাকে কোলে নিয়ে বাবা সাজ্জাদের আহাজারির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।






















