মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড় চালিয়ে ৪৬০ বাংলাদেশিসহ এক হাজারের বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে গত ১০ ও ১১ আগস্ট দেশজুড়ে দুই দিনব্যাপী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, দুই দিনের অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১ হাজার ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৮৮০ জন পুরুষ ও ১৬৩ জন নারী। তাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।
গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক। মোট ৪৬০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৩৬৯ জন পুরুষ ও ৯১ জন নারী।
এ ছাড়া গ্রেপ্তারদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২৮, মিয়ানমারের ১৮৬, ভারতের ৫৫, নেপালের ২২ এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিক রয়েছেন।
জাকারিয়া শাবান বলেন, সাধারণ মানুষের অভিযোগ, অভিবাসন বিভাগ ও গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এসব এলাকায় বিদেশিদের উপস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে—এমন উদ্বেগের পর আইন প্রয়োগকারী তৎপরতা জোরদার করা হয়েছে।
আটক ও গ্রেপ্তার এড়াতে নথিপত্রহীন বিদেশিদের চলমান স্বেচ্ছা প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ কর্মসূচির আওতায় বিদেশি নাগরিকরা স্বেচ্ছায় অভিবাসন বিভাগে আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস
আন্তর্জাতিক ডেস্ক 
























