আইপিএলের ১৮তম আসরে অবশেষে স্বপ্নপূরণ হলো বিরাট কোহলির। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) প্রথমবারের মতো উঠল চ্যাম্পিয়নের মঞ্চে। ফাইনালে তারা ৬ রানের জয় ছিনিয়ে নেয় প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের বিপক্ষে।
আহমেদাবাদের জমজমাট ফাইনালে আগে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৯ উইকেটে ১৯০ রান। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৮৪ রানেই থেমে যায় পাঞ্জাবের ইনিংস। শিরোপা জয়ের আনন্দে ভাসলেও একইসঙ্গে আরও একবার শূন্য হাতে ফিরতে হলো পাঞ্জাবকে, যাদের জন্য এটিও ছিল ১৮ বছরের শিরোপাহীনতার গল্প।
টুর্নামেন্ট জুড়ে দারুণ ফর্মে থাকা কোহলি ফাইনালেও খেলেন দায়িত্বশীল ইনিংস। ইনিংসের মাঝপথে আউট হলেও দলের ভিত গড়ে দেন তিনি। ৩৫ বলে করেন ৪৩ রান। জিতেশ শর্মা ও লিয়াম লিভিংস্টোন ঝড় তুললেও শেষদিকে ব্যাটিং ধসে রানে ভাটা পড়ে বেঙ্গালুরুর। তবে শেফার্ডের ৯ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসে ১৯০ রানের লড়াকু সংগ্রহ গড়ে তারা।
বল হাতে পাঞ্জাবের হয়ে দারুণ করেন আর্শদীপ সিং ও কাইল জেমিসন, দুজনেই শিকার করেন ৩টি করে উইকেট।
জবাবে পাঞ্জাব শুরুটা ভালোই করেছিল। ওপেনিং জুটিতে প্রবসিমরান ও প্রিয়ন্স আর্য এনে দেন ৪৩ রান। মাঝের ওভারে শ্রেয়াস আইয়ার, ইংলিস, ওয়াধেরা দ্রুত ফিরলে চাপে পড়ে যায় দলটি। শেষদিকে শশাঙ্ক সিংয়ের ৩০ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংসও হার এড়াতে পারেনি পাঞ্জাবকে।
বেঙ্গালুরুর জয়ের নায়ক ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে দখল করেন ম্যাচের নিয়ন্ত্রণ। ২ উইকেট তুলে নেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারও।
তিনবার ফাইনাল খেলে শিরোপা হাতছাড়া হওয়ার হতাশা ঘোচাল এবার বেঙ্গালুরু। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা ছুঁয়ে চোখে জল ধরে রাখতে পারেননি কোহলি। আরসিবির নামে এবার সত্যিই যোগ হলো ‘চ্যাম্পিয়ন’ পরিচয়।



























